বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাত ‘সকাল সোয়া ৯টার মধ্যে
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার ‘সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।শনিবার জিএমপি কমিশনার নাজমুল করিম খান সাংবাদিকদের বলেন, “রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে প্রথম ধাপের আখেরি মোনাজাত হবে।”
মোনাজাত উপলক্ষে রোববার ভোর ৬টা থেকে বিশ্ব ইজতেমাগামী গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।জিএমপি কমিশনার বলেন, রোববার ভোর ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।এসব সড়কে কোনো পণ্যবাহী যান চলবে না। তবে ইজতেমার কাজে সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল করবে।
0 Comments